নড়াইলের লোহাগড়ায় বাবাকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি ছেলে খায়রুল শেখকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী গোপালগঞ্জ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে লোহাগড়া থানা পুলিশ।
গ্রেপ্তার খায়রুল শেখ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের নিহত বৃদ্ধ আফসার শেখের ছেলে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৫ নভেম্বর দুপুরে পারিবারিক কলহের জের ধরে খায়রুল শেখ তার বাবা আফসার শেখকে (৬৭) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় নিহতের বড় ছেলে শামীম শেখ বাদী হয়ে ৭ নভেম্বর ছোট ভাই খায়রুল শেখ, খায়রুলের স্ত্রী জুঁই বেগম এবং মা আনোয়ারা বেগমকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, মামলা দায়েরের পরপরই এজাহারভুক্ত আসামি জুঁই বেগম ও আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পলাতক প্রধান আসামি খায়রুল শেখকে গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রাখে এবং শনিবার বিকেলে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ক্যাটাগরীর আরো খবর..