কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭১ নম্বর শ্রীরামদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটিকে বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্য সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষকরা।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক, প্রধান শিক্ষক মোহাম্মদ রাহাত আলম, নবগঠিত কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ এনামুল হক। বক্তব্যে তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। একটি সুন্দর ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
এ ছাড়া জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী উপহার তুলে দেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়; বরং এটি একটি শিশুর স্বপ্ন, মেধা ও নৈতিকতা বিকাশের অন্যতম কেন্দ্র। তাই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুন্দর ও মানসম্মত রাখতে শিক্ষক, অভিভাবক এবং পরিচালনা কমিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় থাকা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যরা বৃক্ষরোপণ করেন।