কুষ্টিয়ার খোকসায় একটি ফার্মেসির ভেতরে ঢুকে মো. ফরহাদ সরদার (৪০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হাসপাতাল গেটসংলগ্ন ‘সরদার ফার্মেসি’তে এ হামলার ঘটনা ঘটে।
আহত ফরহাদ সরদার খোকসা কালীবাড়ি এলাকার মো. আ. রহমান ডাক্তারের ছেলে এবং পেশায় একজন ফার্মেসি ব্যবসায়ী। এ ঘটনায় পুরো এলাকায় তীব্র উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে হঠাৎ ১০ থেকে ১২ জন মুখোশধারী ব্যক্তি হাসুয়া ও বেকিসহ দেশীয় অস্ত্র নিয়ে সরদার ফার্মেসিতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ব্যবসায়ী ফরহাদ সরদারের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে তাঁর গুরুতর জখম অবস্থার সুযোগ নিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই আশপাশের দোকানি ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
হঠাৎ ঘটে যাওয়া এই বর্বরোচিত হামলায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে খোকসা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, পুলিশ ঘটনাটি সম্পর্কে পুরোপুরি অবগত রয়েছে। হামলার সুনির্দিষ্ট কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই ক্যাটাগরীর আরো খবর..