সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি দাবি করে আলোচনায় আসা ভাইরাল আইনজীবী অ্যাডভোকেট এম কামাল উদ্দিনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কর্ণফুলীর সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন অ্যাডভোকেট এম কামাল উদ্দিন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা ওই বাসাটি ঘেরাও করে তাকে আটক করেন। খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।
আটক এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, গত অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে এবং ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার তীথংকর দাশ বলেন, “স্থানীয় জনতা এম কামাল উদ্দিনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
এই ক্যাটাগরীর আরো খবর..