চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৩৩ হাজার ভোল্ট উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে এসে আহাদুল ইসলাম (৩০) নামের এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগাড়া থানার সামনে হাসেম পার্কসংলগ্ন মারওয়া স্টোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাদুল ইসলাম বরিশাল জেলার মঠবাড়িয়া এলাকার বাসিন্দা এবং তিনি প্রাণ কোম্পানিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী আমজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লোহাগাড়া থানার সামনে সড়কের পাশে একটি সাইনবোর্ড স্থাপনের কাজ করছিলেন আহাদুল। ওপরে ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তার রয়েছে তা তাদের জানা ছিল না। মইয়ের ওপর উঠে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ওই উচ্চক্ষমতাসম্পন্ন তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এ সময় তিনি ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ক্যাটাগরীর আরো খবর..