জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগকে পুনরায় সংগঠিত করার ষড়যন্ত্র চলছে—এমন অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ সময় আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের সতর্ক করার পাশাপাশি ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা থেকে মিছিলটি বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তাঁরা সমাবেশ করেন।
সমাবেশে ছাত্রদল নেতারা দাবি করেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের একটি বাস লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনায় আটক রিজওয়ান আহমেদের মোবাইল ফোনে নাশকতার পরিকল্পনা-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। তাঁদের অভিযোগ, আটক ওই শিক্ষার্থী নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের শাখা কমিটির অর্থ সম্পাদক। এ ছাড়া ছাত্রলীগকে পুনর্গঠনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক-কর্মকর্তাসহ ৮১ জনের একটি গ্রুপ ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছে বলেও দাবি করেন তাঁরা।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ এবং ‘ছাত্রলীগের ঠিকানা, জগন্নাথে হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘শেখ হাসিনা একসময় বলেছিলেন, তিনি দেশ ছেড়ে পালাবেন না। অথচ শেষ পর্যন্ত হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছেন। এমনকি ভারতে আশ্রয় নেওয়ার জন্য ভারত সরকারের কাছে অনুরোধও জানিয়েছেন। পালিয়ে যাওয়া কোনো নেত্রীর বীরত্ব দেখানোর সুযোগ নেই। তিনি বলছেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। কিন্তু কোন ডিসেম্বরের কথা বলছেন, সেটি স্পষ্ট নয়। দেশে ফিরতে চাইলে তার আগে গণমাধ্যমে নিজের চেহারা দেখানোর সাহস দেখাতে হবে। আমরা আগে তাকে দেখতে চাই। গণমাধ্যমের সামনে আসতে তার এত লজ্জা কেন? আমরা বলতে চাই, যিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তিনি ফিরে আসার জন্য যাননি।’
আওয়ামী লীগপন্থী শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘হাজারো মানুষের লাশের ওপর দাঁড়িয়ে গণতন্ত্র লুণ্ঠন করে শেখ হাসিনা যে অবৈধ ক্ষমতার মসনদ তৈরি করেছিলেন, তার পরিণতি সবাই দেখেছে। এখনো যারা গোপনে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সতর্ক করে দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা অনেক সময় সম্মান দেখিয়ে আপনাদের কিছু বলি না। তার মানে এই নয় যে, আপনারা ক্যাম্পাসে বসে ষড়যন্ত্র করবেন আর আমরা তা নীরবে দেখে যাব। আপনাদের কারও ষড়যন্ত্রে সম্পৃক্ততার প্রমাণ পেলে ক্যাম্পাস তো দূরের কথা, বাংলাদেশের মাটিতেও ঠাঁই হবে না। আপনাদের পালিয়ে যাওয়া শেখ হাসিনার কাছে পাঠিয়ে দেওয়া হবে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের পরিচয়ে কিংবা নীল দলের শিক্ষক পরিচয়ে কেউ ক্যাম্পাসে প্রবেশ করে নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসনকে এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
সমাবেশের শেষ পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের যেকোনো উদ্যোগ প্রতিহত করার ঘোষণা দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন তাঁরা।