হালদা নদী ও এর পরিবেশ রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, হালদা দেশের ঐতিহ্য ও জাতীয় সম্পদ। এই নদী রক্ষার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সবার।
রোববার (১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সরোয়ার আলমগীর বলেন, “হালদা নদী আমাদের হেরিটেজ, আমাদের ঐতিহ্য। এটি রক্ষার প্রশ্নে কারও সঙ্গে কোনো আপস করা হবে না। বালি-মাটি উত্তোলন তো প্রশ্নই আসে না।”
তিনি বলেন, হালদা নদী থেকে অবৈধভাবে বালি-মাটি উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়তে পারে। তাই নদী রক্ষায় প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। এর আগে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় হালদা থেকে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের অভিযোগও সংবাদে উঠে এসেছে।
সংসদ সদস্য আরও বলেন, হালদাকে কেন্দ্র করে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ জন্য মৎস্য, কৃষি, যুব উন্নয়ন ও সমাজসেবা কর্মকর্তাদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, “হালদাকে রক্ষা করেই এলাকার উন্নয়ন করতে হবে। নদী ধ্বংস করে কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।”
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই ক্যাটাগরীর আরো খবর..