নোয়াখালীর সোনাইমুড়ী -তে নতুন বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার খুলেছে চাষীরহাট নিউ মার্কেট। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এই আধুনিক বাজারটি।
বৃহস্পতিবার (০২ মার্চ) সন্ধ্যায় উপজেলার চাষীরহাট নতুন বাজারে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন, ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতারা। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, চাষীরহাট নিউ মার্কেট কেবল একটি বাজার নয়, এটি সোনাইমুড়ীর অর্থনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আধুনিক অবকাঠামো, প্রশস্ত দোকান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যাপ্ত চলাচলের সুবিধা—সবকিছু মিলিয়ে ক্রেতাদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার পরিবেশ নিশ্চিত করা হয়েছে।
মার্কেটটিতে মাছ, মাংস, শাকসবজি, ফলমূল, মুদি দোকান ছাড়াও পোশাক ও হার্ডওয়্যার সামগ্রীর দোকান রয়েছে। পাশাপাশি খাবার হোটেল, ফুচকা ও চটপটির দোকানও রয়েছে। ফলে দৈনন্দিন প্রয়োজনীয় প্রায় সব পণ্যই এখন এক ছাদের নিচে পাওয়া যাবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নতুন এই মার্কেট চালুর ফলে এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে। অন্যদিকে, ক্রেতাদের মতে, আগে বিভিন্ন স্থানে ঘুরে কেনাকাটা করতে হলেও এখন এক জায়গাতেই সবকিছু পাওয়া যাচ্ছে, যা সময় ও খরচ—দুটিই সাশ্রয় করছে।