নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোনায়েদ কবিরাজ (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পৌর এলাকার আনোয়ারা কমিউনিটি সেন্টারের বিপরীতে মেজবাউর রহমানের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোনাইমুড়ী বাজারের ফার্নিচার ব্যবসায়ী স্বপন কবিরাজের ছেলে ও মাদ্রাসায়ে দারুল ঈমানের প্রথম শ্রেণির ছাত্র জোনায়েদ বাড়ির ছাদে খেলছিল। এ সময় তার হাতে থাকা ডিশের তার ছুঁড়ে মারলে সেটি ভবনের পাশের কভারবিহীন বিদ্যুতের তারে জড়িয়ে যায়। অন্য প্রান্ত শিশুটির হাতে থাকায় মুহূর্তেই সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে তার শরীরে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সোনাইমুড়ী থানায় হস্তান্তর করে। জানা যায়, স্বপন কবিরাজ প্রায় ১৫ বছর ধরে পরিবারসহ ওই এলাকায় ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উত্তর ফিংরা গ্রামে।
নিহতের বাবা স্বপন কবিরাজ জানান, তিন সন্তানের মধ্যে জোনায়েদ সবার ছোট। সকালে সে ছাদে ডিশের তার দিয়ে খেলছিল। অসাবধানতাবশত তারটি বিদ্যুতের লাইনে জড়িয়ে পড়ায় সে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।
সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের লিডার কামাল হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলেও ততক্ষণে শিশুটি মারা যায়। পরে মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ থানায় নিয়ে আসেন। অভিভাবকের লিখিত আবেদনের পর বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।