টাঙ্গাইলের এলেঙ্গা ইউনিটে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিষদের মহাসচিব মো: আলমগীর গনি’র উপস্থিতিতে আয়োজিত এ সভায় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ইউনিটের আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের স্বপ্নদ্রষ্টা প্রয়াত সাংবাদিক আলতাফ হোসেনের সুযোগ্য উত্তরসূরি মো: মঞ্জুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন আহমদ, তথ্য ও প্রযুক্তি সচিব মো: নুরনবী সোহেল, টাঙ্গাইল জেলা ইউনিটের প্রধান উপদেষ্টা এম নাসিম খান রুনু, সাবেক এএসপি ও উপদেষ্টা মো: বাবুল হোসেন এবং বোরহান তালুকদারসহ জেলা ও উপজেলা ইউনিটের সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মহাসচিব আলমগীর গনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, যার মাধ্যমে দেশ ও জনগণের সেবা করার সুযোগ রয়েছে। তিনি বলেন, একজন সাংবাদিকের জন্য কেবল শিক্ষাগত যোগ্যতা বা লেখার দক্ষতা নয়, বরং নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নৈতিকতাবোধহীন সাংবাদিক সমাজ ও জাতির জন্য ক্ষতিকর—এ ধরনের সাংবাদিকদের ‘হলুদ সাংবাদিকতা’র সঙ্গে তুলনা করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে অনেক দায়িত্বশীল ও ভালো সাংবাদিক কাজ করছেন। অতীতে সাংবাদিকদের বাকস্বাধীনতা সীমিত ছিল উল্লেখ করে তিনি বলেন, এখন যে কেউ স্বাধীনভাবে ন্যায্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারছে।
উল্লেখ্য, জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে তৃণমূল সাংবাদিকদের উন্নয়নে কাজ করে আসছে। বর্তমানে সংগঠনটি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের ৮টি দেশেও কার্যক্রম পরিচালনা করছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া অনুষ্ঠানটি নামাজের বিরতি বাদে রাত ৯টা পর্যন্ত চলে। পরে সভাপতি মাছুদুর রহমান মিলনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।