কুষ্টিয়া শহরে দীর্ঘদিনের উত্ত্যক্তকরণের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত কিশোর ইমানকে মাত্র ১২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা পুলিশের ফেসবুক পোস্টে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার বাসার সামনে ওই স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা হয়। ভুক্তভোগী জাকিয়া শহরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে কলবেল বাজানোর সময় এক কিশোর পেছন থেকে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সে আপাতত শঙ্কামুক্ত।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত ইমানকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু করে কুষ্টিয়া জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তির ব্যবহার করে সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর আগে সোমবার দুপুরে স্থানীয়রা জানান, সোমবার রাত ১টার দিকে পূর্ব মজমপুরের মফিজ উদ্দিন বিশ্বাস লেনের রৌদ্রছায়া মাঠসংলগ্ন লিলি গার্ডেন ভবনে ইমানের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্য অনুযায়ী, ইমান পাটিকাবাড়ী এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। তার বাবা দীর্ঘদিন ধরে সৌদি আরবে এবং বড় ভাই আকাশ নেদারল্যান্ডসে থাকেন।
এদিকে এই ঘটনার পর শহরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে বিভিন্ন স্কুল থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১১টা ১১ মিনিটে ছুরিকাঘাতের ঘটনার পরপরই জেলা পুলিশ শহরে সাঁড়াশি অভিযান শুরু করে। কিশোর গ্যাংবিরোধী এই অভিযানে সন্ধ্যা সাতটা পর্যন্ত এক দফায় ১৪ জনকে আটক করে থানায় নেওয়া হয়। এছাড়া সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া পৌরসভার পৈলানপুরপাড়া থেকেও তাদের আটক করা হয়। এরপর পুলিশের সদস্যরা জেলা পরিষদের রবীন্দ্র লিয়ন উদ্যান পার্কে অভিযান চালায়। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযুক্ত কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। এমনকি বাড়িতেও অভিযান চালিয়েছিল পুলিশ, তবে তাকে সেখানে পাওয়া যায়নি। তার বাড়ি কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কিশোরও একটি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রনব কুমার সরকার বলেন, “ভোক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দিতে বলা হয়েছে। অব্যাহত অভিযানে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।”
প্রনব কুমার সরকার আরও জানান, “মেয়েটির সঙ্গে এখনো কথা বলা সম্ভব হয়নি। পরিবার ঘটনার বিষয়ে কিছু বলতে পারছে না। মেয়েটি একটু সুস্থ বা স্বাভাবিক হলে মঙ্গলবার নারী পুলিশ সদস্যদের মাধ্যমে কথা বলা হবে।”
ভুক্তভোগী ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের খবর পাওয়ার পরপরই তিনি হাসপাতালে গিয়ে দেখা করেছেন এবং নিয়মিত খোঁজখবর রাখছেন। বেশ কয়েকজন অভিভাবক যোগাযোগ করেছেন এবং তারা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করার কথা বলেছেন। এছাড়া মঙ্গলবার স্কুলে গিয়ে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।