ফটিকছড়িতে আধুনিক ও পরিকল্পিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি।
সম্প্রতি রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন সরোয়ার আলমগীর। বৈঠকে ফটিকছড়ির বিনিয়োগ সম্ভাবনা, শিল্পায়নের সুযোগ, স্থানীয় সম্পদ ও সম্ভাবনাময় বিভিন্ন খাত নিয়ে আলোচনা হয়।এ সময় তিনি ফটিকছড়ির ম্যাপ দেখে দেখে শিল্পোৎপাদনের বিষয়ে তাকে বিস্তারিত জানান।

সরোয়ার আলমগীরের পরিকল্পনা অনুযায়ী, ইকোনমিক জোন প্রতিষ্ঠিত হলে ফটিকছড়িতে নতুন শিল্প-কারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে। এর মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে।
ফটিকছড়ির চা-বাগান, গ্যাসসহ স্থানীয় সম্পদ ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি শিল্পভিত্তিক অর্থনীতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দিচ্ছেন তিনি। এর আগে তিনি ফটিকছড়ির ১৮টি চা-বাগান ও গ্যাসসম্পদের সম্ভাবনা কাজে লাগিয়ে এলাকার উন্নয়নের কথা জানিয়েছিলেন।
সরোয়ার আলমগীর বলেন, ফটিকছড়িতে ইকোনমিক জোন প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি তিনি নির্বাচনের সময় দিয়েছিলেন, সেটি বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। পরিকল্পিতভাবে উদ্যোগটি বাস্তবায়ন করা গেলে ফটিকছড়ি উত্তর চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ইকোনমিক জোন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ফটিকছড়ির দীর্ঘদিনের অর্থনৈতিক সম্ভাবনাগুলো বাস্তবে রূপ পাবে।
এই ক্যাটাগরীর আরো খবর..