প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি আগমনকে ঘিরে পুরো উপজেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী ৯ আগস্ট প্রধানমন্ত্রীর ফটিকছড়ি সফরকে সামনে রেখে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। একই সঙ্গে সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি এবং জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ও সম্ভাব্য অনুষ্ঠানস্থলে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী ফটিকছড়িতে এসে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় যাবেন এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় মহলেও ব্যাপক প্রস্তুতি চলছে। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
ফটিকছড়ি উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে হেলিপ্যাড, অনুষ্ঠানস্থল, সড়ক ও নিরাপত্তাসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক থাকে, সে বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সব মিলিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ফটিকছড়িতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন মহল।