নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে প্রবাসীর স্ত্রী শামীমা আক্তার (৬০) সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বজরা গ্রামের প্রবাসী আবুল হাসেমের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় শামীমা আক্তার তার বসতঘরের পূর্ব পাশে মাটি ভরাটের কাজ করছিলেন। এ সময় একই বাড়ির মো. আবুল খায়েরের ছেলে মিজান (৩২), মনির হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (২২) কাজে বাধা দিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
শামীমা আক্তার টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে গালমন্দ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। একপর্যায়ে তারা হামলা চালিয়ে বাড়ির গেট, দরজা, জানালা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
শামীমা আক্তার জানান, চাঁদা না দেওয়ায় তার বাড়িতে হামলা চালানো হয়েছে এবং অভিযোগ দায়েরের পরও অভিযুক্তরা তাকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে অভিযুক্ত মিজান দাবি করেন, জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনা ঘটেছে, কিন্তু তারা কোনো চাঁদা দাবি করেননি।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।