ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপ গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় গাড়ির চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি টিম উপজেলার ছয়ফুলাকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শরীফপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি নীল রঙের পুরোনো পিকআপ গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন-১১-৯৪২০) ফেলে রেখে চালক দ্রুত পালিয়ে যায়।
পরে পুলিশ গাড়িটি তল্লাশি করে ছোট-বড় মিলিয়ে মোট ৩৮৯ বোতল (তিনশত ঊননব্বই) অবৈধ ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ প্রায় ১৯৯ দশমিক ৮৭৫ লিটার বলে জানিয়েছে পুলিশ।
বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ জানায়, উদ্ধার করা পিকআপ গাড়ি ও মদ জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।