মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন , ই-পেপার

বকশীগঞ্জে অটোভ্যান চুরি ও তেল সংকটে মানববন্ধন

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
Oplus_16908288

জামালপুরের বকশীগঞ্জে অটোভ্যান ও অটোরিকশা চুরি-ছিনতাই বৃদ্ধি এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) দুপুরে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে ‘বকশীগঞ্জ সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অটোরিকশা ও অটোভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সদস্য সচিব আমির হোসেন, ফয়সাল আহমেদ, সাকিব হাসান ও মো. তামিম প্রমুখ।
বক্তারা বলেন, বকশীগঞ্জে সম্প্রতি অটোভ্যান ও অটোরিকশা চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। শহরে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এসব ঘটনার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত কোনো চোরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে শাহরিয়ার আহমেদ সুমন বলেন, “বকশীগঞ্জে কিছুদিন ধরে ব্যাপক অটোরিকশা চুরির ঘটনা ঘটছে। শহরে সিসি ক্যামেরা থাকার পরও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এখন পর্যন্ত কোনো চোরকে আটক করতে পারেনি পুলিশ।”
তিনি আরও বলেন, “আজকের পর যদি চোরদের আটক করা না হয়, তাহলে আমরা থানায় অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব।” এ সময় তিনি বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের সমালোচনা করেন।
মানববন্ধন শেষে দ্রুত অটোভ্যান ও অটোরিকশা চুরি বন্ধ এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..