রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত এই কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুল রহিম সাকি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা পক্ষপাতিত্ব রাখা হবে না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাচাই-বাছাই করে প্রকৃত যোগ্য ব্যক্তিদের হাতেই এই কার্ড তুলে দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
সরকারের এই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে (G2P) মাসিক নির্দিষ্ট হারে আর্থিক সহায়তা পাবেন।
স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড সম্বলিত আধুনিক প্রযুক্তির এই কার্ড ভবিষ্যতে সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।