চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৯, সবার অবস্থা আশঙ্কাজনক
এম. ইউছুফ মাহমুদ, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর হালিশহর এইচ ব্লকের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
সোমবার ভোরে হালিশহর এইচ ব্লকের হালিমা মঞ্জিলের ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানান, দগ্ধদের সকলেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অবস্থা সংকটাপন্ন।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভোরে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী, শিশুসহ বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হন।
আহতদের মধ্যে দুই নারী ও এক পুরুষের শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া অন্যদের শরীরের ২৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে বলে বার্ন ইউনিট সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালায়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।