চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সী কন্যাশিশুকে হারানোর ২৪ দিন পর মারা গেছেন স্ত্রী রেশমী আক্তার (২৫)। দীর্ঘ ২৪ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ে শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত রেশমি আক্তার সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজমহল ক্লাবের পশ্চিম পাশের এলাকার মৃত দেলোয়ারের স্ত্রী।
এর আগে গত ২৩ অক্টোবর রাতে স্বামী মো. দেলোয়ার, দুই বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাতসহ পরিবারের সদস্যদের নিয়ে অটোরিকশায় করে কেরানীহাট স্টেশনের একটি মেলায় যাচ্ছিলেন রেশমী। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছালে একটি মিনিবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মারা যান স্বামী দেলোয়ার। গুরুতর আহত অবস্থায় রেশমী ও তার শিশুকন্যাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওয়াসিফা জান্নাতকেও মৃত ঘোষণা করেন। প্রথমে স্থানীয় ও পরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন রেশমী। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল রাতে তারও মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রেশমীর মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এ মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হলো।
এই ক্যাটাগরীর আরো খবর..