কুষ্টিয়ার খোকসা বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউন থেকে সুমন কুমার কুন্ডু (৩৮) নামের এক মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রবিবার (১ নভেম্বর) রাত আনুমানিক নয়টার দিকে বাজারের ‘সুমন কুন্ডু স্টোর’-এর পেছনের গোডাউন থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।
পারিবারিক কলহ বা মানসিক কোনো সংকটের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিক ধারণা প্রকাশ করা হয়েছে। তবে মৃত্যুর আসল রহস্য উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
নিহত সুমন কুমার কুন্ডু খোকসা উপজেলার চুনিয়াপাড়া হাসপাতাল গেট এলাকার বাসিন্দা রনজিত কুন্ডুর ছেলে। তিনি খোকসা বাজারে মুদি ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় ব্যবসায়ী ও দোকানের কর্মচারীদের সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক ৮ টার দিকে খোকসা বাজারে সুমনের নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনের গোডাউনে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, “প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে সব ধরনের আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
একজন উদীয়মান ও পরিচিত ব্যবসায়ীর এমন আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে খোকসা বাজারসহ পুরো এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এই ক্যাটাগরীর আরো খবর..