বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১১ ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির নেতার, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম দুই-একটা ককটেল ফাটিয়ে সরকারের কিছু করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি সামাজিক অপরাধ প্রতিরোধে খোকসায় শিক্ষার্থীদের সচেতন করলেন ওসি মোল্লা জাকির হোসেন আইফোনের জন্য নয়, ধারের টাকা ফেরত চাওয়ায় অপ্রতিমকে হত্যা স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম-রিজভী নড়াইলে আদালতে হাজিরা দিতে এসে ধারালো অস্ত্রসহ আটক ১১

ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি শিবির নেতার,

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর পদ্মা সরকারি কলেজে সংঘর্ষের জেরে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে পৃথক বক্তব্যে দুই সংগঠনের নেতারা একে অপরকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির ছাত্রদলের নেতা-কর্মীদের ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি দেন। এর জবাবে ছাত্রদলের রাজশাহী মহানগরের সদস্যসচিব এমদাদুল হক (লিমন) বলেন, ছাত্রদল রাজপথে নামলে ছাত্রশিবির রাজশাহীতে পা ফেলারও জায়গা পাবে না।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে সাহেববাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সোনাদিঘীর মোড় এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে ইমরান নাজির ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে ওই হুমকি দেন।

ইমরান নাজির বলেন, “আমরা ছাত্রদলের বন্ধুদের বলছি, আমরা ধৈর্যের সীমান্তের একেবারে শেষ পর্যায়ে আছি। যদি আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, প্রত্যেকটা ছাত্রদলের নেতা-কর্মীদের কুত্তার (কুকুর) মতো পিটিয়ে রাজশাহী ছাড়া করব।”

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের এই সদস্য আরও বলেন, “তার কোনো নেতা-কর্মী আহত হলে ছাত্রদলের ‘টোকাই মার্কা’ কোনো নেতার ‘পিঠের চামড়া’ রাখা হবে না।”

তিনি বলেন, “ছাত্রশিবির কোনো ভেসে আসা সংগঠন না, ছাত্রশিবির রাজপথে জীবন দেওয়া সংগঠন। শহীদ আলীরা প্রমাণ করেছে, রাজপথে কীভাবে জীবন দিতে হয়। আমরা জীবন দেব, কিন্তু আমার ছাত্রসমাজের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কোনো নেতা-কর্মীর ওপর যদি কোনো হামলা হয়, তার দাঁতভাঙা জবাব আমি দেব, ইনশা আল্লাহ।”

সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি এ কে এম সারওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আবদুর রহিম, রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও খায়রুল ইসলাম।

এদিকে শিবির সভাপতির বক্তব্যের জবাবে রাতে শহীদ মিনার এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ছাত্রদলের রাজশাহী মহানগরের সদস্যসচিব এমদাদুল হক (লিমন)। তিনি বলেন, “ছাত্রদলকে ‘কুকুরের মতো পিটিয়ে’ রাজশাহী থেকে বের করে দেওয়ার কথা বলা শিবির সভাপতির মুখে শোভা পায় না।”

এমদাদুল হক বলেন, “ইমরান নাজিরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ইমরান নাজির সাহেব, আপনার বাসা কুমিল্লা। আপনি হয়েছেন পিআর পদ্ধতিতে নেতা। রাজশাহীতে আমাদের নাড়ি পোঁতা, এই রাজশাহীতেই হচ্ছে আমাদের জন্ম, পৈতৃক ভিটার ওপর বসবাস করি। যখন লাগবেন, তখন টের পাবেন।”

তিনি আরও বলেন, “যদি ছাত্রদল রাজপথে নামে, ছাত্রশিবির কেন, ওই রাজাকারের সংগঠন রাজশাহীতে পা ফেলারও জায়গা পাবে না।”

ইমদাদুল হক অভিযোগ করেন, পদ্মা সরকারি কলেজের ঘটনায় ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে বহিরাগতরা যোগ দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। ছাত্রদল হামলার ‘অল্প পরিমাণ প্রতিরোধ’ করেছে বলেও দাবি করেন তিনি।

ইমরান নাজিরের উদ্দেশে তিনি বলেন, “ছাত্রদল যখন প্রতিরোধ গড়ে তুলবে, ইমরান নাজির, আপনি কুমিল্লার বাসও পাবেন না—তা আপনাকে বলে দিতে চাই।”

এর আগে মঙ্গলবার সকালে পদ্মা সরকারি কলেজে ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবিরের তিনজন ও ছাত্রদলের দুজনসহ মোট পাঁচজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজে ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি হেল্পডেস্ক স্থাপন করা হয়। সকালে সেখানে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, “সকালে একটি ঘটনা ঘটেছিল। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল বাড়িয়েছে।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..