কুষ্টিয়ার খোকসায় বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংসহ নানাবিধ সামাজিক অপরাধ দমনে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন। শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক সচেতনতামূলক বক্তব্যের মধ্য দিয়ে অপরাধমুক্ত ও নিরাপদ খোকসা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আয়োজিত এক সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংক্ষিপ্ত ও নির্দেশনামূলক বক্তব্যে ওসি মোল্লা জাকির হোসেন বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক না কেন, তার পরিচিতি বা পরিচয় যাই থাক, তাকে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।”
শিক্ষার্থীদের সমাজ পরিবর্তনের মূল কারিগর উল্লেখ করে তিনি বাল্যবিবাহ, মাদকের ভয়াবহতা, জুয়া, চুরি, ছিনতাই, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের মতো উদীয়মান অপরাধগুলোর কুফল তুলে ধরেন। এসবের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করা প্রতিটি সচেতন নাগরিক ও শিক্ষার্থীর দায়িত্ব। সঠিক সময়ে সঠিক তথ্য দিলে অপরাধ দমন করা বহুগুণ সহজ হয়।
তিনি আরও যোগ করেন, “একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ খোকসা গড়ে তুলতে খোকসা থানা পুলিশ প্রশাসন সার্বক্ষণিক মাঠে রয়েছে। অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। তরুণ প্রজন্ম সচেতন হলেই কেবল একটি অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। ওসির এই সময়োপযোগী ও দিকনির্দেশনামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সকলেই নিজেদের নিজ নিজ অবস্থান থেকে অপরাধমুক্ত খোকসা গঠনে পুলিশকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
এই ক্যাটাগরীর আরো খবর..