কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। প্রতিবাদ সভা থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আসামিরা গ্রেপ্তার না হলে পুরো খোকসা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, নাফিজ আহমেদ খানের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ৭আগস্ট শুক্রবার বিকেল চারটার সময় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। একপর্যায়ে তারা বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এর ফলে সাময়িকভাবে ওই রুটে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে উপস্থিত হন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন তিনি উত্তেজিত নেতা-কর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দৃঢ় আশ্বাস প্রদান করেন। ওসির আশ্বাসের পর বিএনপি নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন:
”আমাদের শীর্ষ স্থানীয় নেতার ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত আসামিদের গ্রেপ্তার করা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। প্রয়োজনে পুরো খোকসা স্তব্ধ করে দেওয়া হবে।”
এদিকে, পুলিশের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করা হলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।