কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ মোঃ সান্টু শেখ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৬ই জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত ১১:১৫ ঘটিকায় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সান্টু শেখ মালিগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত আক্কাস আলী শেখের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল সংক্রান্ত বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মালিগ্রাম সাকিনস্থ আসামী সান্টু শেখের বসত বাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সান্টু শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ (বিশ) পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মামলা রুজু ও আদালতে সোপর্দ
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য কেনাবেচা ও নিজ হেফাজতে রাখার অপরাধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং: ০৩/৫১ (তারিখ: ১৭/০৭/২০২৬ খ্রিঃ)
সংশ্লিষ্ট ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ১০(ক)।
আজ ১৭ই জুলাই (শুক্রবার) সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে খোকসা থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর..