নড়াইলের কালিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষ্ণপদ আর্চায্য (৭৩) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে।
সোমবার (৬ এপ্রিল) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহত কৃষ্ণপদ আর্চায্য ওই গ্রামের মৃত সন্তোষ আর্চায্যের ছেলে। অভিযুক্তরা হলেন একই গ্রামের আশিকুর রহমান সুমন, আকিবুর রহমান মিলন এবং মাহিদুল শেখ।
স্থানীয় ও স্বজনরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে কৃষ্ণপদ কালিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছোট কালিয়া গ্রামের সাইদের দোকানের সামনে পৌঁছালে অভিযুক্তরা অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মারধর করে তাকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত কৃষ্ণপদ আর্চায্য জানান, মনসা মন্দিরের জমি ও তার পৈতৃক সম্পত্তি নিয়ে প্রতিবেশী ফজর শেখ ও ওলিয়ার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা চলছিল। সেই বিরোধের জের ধরেই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে