কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোড়াগাছা–হাশিমপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে খালটির উৎস মুখ থেকে তিন কিলোমিটার পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।
উপজেলার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহবুব উল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ভোটের কালির দাগ হাত থেকে মোছার আগেই কৃষকদের ১৫ শ কোটি টাকার কাটার ঋণ মওকুফ করা হয়েছে। দেশের মানুষের জন্য ১৪ কোটি ফ্যামিলি কার্ড প্রদানসহ মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের সম্মানী দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা জটে দেশের সাধারণ মানুষ জর্জরিত। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট ভুক্তভোগী ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় করা হবে। মতবিনিময়ের মাধ্যমে যে কার্যকর পদক্ষেপের সুপারিশ পাওয়া যাবে, সেই অনুযায়ী সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। অযৌক্তিকভাবে যেসব বিচারক আইন মন্ত্রণালয়ে ন্যস্ত আছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
গণভোট, এনসিপি ও জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এনসিপি অর্ধেক বুঝে মন্তব্য করেছে। এ বিষয়ে সংসদে জবাব দেওয়া হবে। তাদের অভিযোগ সঠিক নয়। বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে জুলাইয়ের আলোর পথ ধরেই এগিয়ে যাবে। আমরা আবেগ নয়, আইন ও বাস্তবতার ভিত্তিতে এগিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও নালা খনন ও পুনঃখনন করা হবে। এতে নদীর নাব্যতা বাড়বে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, পরিবেশের উন্নতি হবে এবং মানুষের স্বনির্ভরতা বাড়বে। পাশাপাশি নৌপথে যোগাযোগ ব্যবস্থারও উন্নয়ন ঘটবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনে যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তাদের আমলনামা তৈরি করা হচ্ছে। চাঁদাবাজি ও টেন্ডারবাজদের দায়ভার দল নেবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান, বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, খোকসা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, বিএনপির সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন জানান, সারা দেশে নদী, নালা, খাল ও জলধারা খনন ও পুনঃখনন প্রকল্পের আওতায় খোকসার মোড়াগাছা–হাশিমপুর খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। খালটির উৎস মুখ দ্বীপচর ব্রিজ থেকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের মোড়াগাছা বাজার সুইচ গেট পর্যন্ত তিন কিলোমিটার খনন করা হবে। বাকি প্রায় চার কিলোমিটার পরে পুনঃখনন করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।