মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন , ই-পেপার

রাঙ্গাবালীতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

মোঃ হানিফ মিয়া, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় “চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” প্রতিপাদ্য নিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বড়বাইশদিয়া ইউনিয়নের চর হালিম বাজারে স্থানীয়রা মাদকবিরোধী এই কর্মসূচিতে অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী স্লোগান ও প্লেকার্ড হাতে মানববন্ধনে প্রতিবাদ প্রকাশ করেন।
স্থানীয় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সিকদার বলেন, “আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা গোপনে মাদকের সেবন ও ব্যবসা চালাচ্ছে। আমি বিষয়টি জানতে পেরে ভিডিও ধারণ করি। পরে আমার ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর করা হয়। আমরা থানায় অভিযোগ করি এবং মাদকবিরোধী আন্দোলন শুরু করি। কিন্তু অপরাধীরা এখনো এলাকায় ঘোরাফেরা করছে। আমাদের এমপি মহোদয় এবং রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতিকে দৃষ্টি আকর্ষণ করছি, যেন সুষ্ঠু বিচার হয়।”
এছাড়া স্থানীয় বিএনপি নেতা শহিদুল শিকদার বলেন, “মাদক ব্যবসায়ীরা সমাজকে ধ্বংস করছে। আমাদের প্রতিবাদ সত্ত্বেও তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।”
চর হালিম মসজিদের ইমাম মাসুম আহম্মেদ বলেন, “পবিত্র রমজান মাসে মানুষ ইবাদতে ব্যস্ত, অথচ কিছু মানুষ গাজা সেবন করছে। প্রশাসন কেন তাদের আটকাচ্ছে না? দ্রুত আইন প্রয়োগ করে কঠিন শাস্তির দাবি করছি।”
প্রতিবাদ সভায় স্থানীয় নারী, পুরুষ, সমাজসেবক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
স্থানীয়রা দাবি করেছেন, “সুষ্ঠু সমাজ ও জাতি গঠনের জন্য সবাইকে মাদক সেবন ও মাদককারবারিদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। অপরাধী যতই শক্তিশালী হোক বা যে কোনও দলেরই হোক, তাদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন।”
উক্ত মানববন্ধনে অভিযুক্তরা নিজেদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল এবং তা নিয়ে অপপ্রচার করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..