চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষি জমির মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
১৪ নভেম্বর (শনিবার) বিকেলে ‘চরম্বা বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে চরম্বা বিবিবিলা বিহারের সামনে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
“জমি যার যার, মাটি সবার—মাটিখেকোদের রুখে দাঁড়াও, সবুজ গ্রাম রক্ষা কর”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে নারী, পুরুষ ও শিক্ষার্থীসহ এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
চরম্বা বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক কাউছার হামিদের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— পরিষদের উপদেষ্টা জানে আলম, ফৌজুল কবির, ভুক্তভোগী ইউপি সদস্য ওচমান গনি, ব্যবসায়ী মোস্তফা কামাল, নুর মোহাম্মদ, হাফেজ গোলাম মোস্তফা, মোহাম্মদ আলম এবং প্রবাসী এরশাদ প্রমুখ।
মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, এলাকার পরিবেশ রক্ষা এবং অন্যায়ের প্রতিবাদ করায় ইউপি সদস্য ওচমান গনিসহ নিরীহ গ্রামবাসীর ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে ভূমিদস্যুরা। বক্তারা অবিলম্বে এসব চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যথায়, জনস্বার্থে এবং নিজেদের সবুজ গ্রাম রক্ষায় আগামী দিনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন স্থানীয়রা।
এই ক্যাটাগরীর আরো খবর..