কুষ্টিয়ার খোকসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং মাদক দূরীকরণে পরিচালিত বিশেষ অভিযানে দুই মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ০৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোহাম্মদ জাহেদুর রহমানের এর প্রত্যক্ষ নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানাধীন বিভিন্ন এলাকা থেকে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে দুই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—খোকসা থানাপাড়ার মোঃ তেজেম আলীর ছেলে মোঃ রাছেল (২৮) এবং খোকসা চরপাড়ার মোঃ আজিজুলের ছেলে মোঃ আলামিন (২৮)। উভয়ই খোকসা উপজেলার স্থায়ী বাসিন্দা।
গ্রেপ্তারের পর আসামিদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর(মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৭(১) ধারা অনুযায়ী) অপরাধ স্বীকার ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে উক্ত রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত রাছেল ও আলামিনকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ (দুইশত) টাকা করে জরিমানা করা হয়। রায়ের পর কঠোর পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহেদুর রহমান জানান, খোকসা উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে খোকসা থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান ও কঠোর আইনানুগ কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।