নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরকান্দিপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সোহেল মেম্বারের পক্ষের মো. রাসেল শেখ (৩০), মো. হাসান শেখ (৪০), মো. মতি মল্লিক (৫০)সহ আটজন রয়েছেন। অপরদিকে আবেদ আলী শেখের পক্ষের মো. সেলিম শেখ (৪০), মো. আজিম গাজি (২৫) ও মো. কালন শেখ (৪৮) গুলিবিদ্ধ হয়েছেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল মেম্বার ও আবেদ আলী শেখের পক্ষের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের লোকজন গুলি ছোড়ে। এতে দুই পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হন।
খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে রাসেল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সংঘর্ষের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আবেদ আলী শেখের পক্ষের শামিম শেখ অভিযোগ করে বলেন, সোহেল গ্রুপের দেড় থেকে দুইশ লোকজন সকালে তাদের বাড়িতে এসে অতর্কিত হামলা চালায়। এ সময় তাদের লোকজনের ওপর গুলি ছোড়া হয় এবং তিনজন গুলিবিদ্ধ হন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর..