নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে নড়াইল সদর থানার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় যশোরগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নড়াইল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালকের সার্বিক তত্ত্বাবধানে যশোরগামী নড়াইল এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ব-১১-৯৬৫৮) বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের দরজার পাশে বাম দিকের প্রথম সিটে বসা যাত্রী মো. ইয়াকুব সরদার (৪০)-এর হাতে থাকা একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ইয়াকুব সরদার দিঘলীয়া ভদ্রবিলা গ্রামের গণি সরদারের ছেলে। এ সময় তার সহযোগী কাঞ্চনপুর গ্রামের মো. সুজন মোল্যা (৩৩)-কেও আটক করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একটি কাগজের কার্টনের ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি নীল রঙের জিপার পলিতে ২০০ পিস করে মোট ৮ হাজার পিস ইয়াবা রাখা ছিল। এ সময় একটি Walton অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।
জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বাস শ্রমিক বলে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে বাসে যাত্রী সেজে কৌশলে মাদক পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে অভিযান সংশ্লিষ্টরা জানান।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত)-এর ৩৬(১) সারণির ১০(গ) ও ৪১ ধারায় নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এই ক্যাটাগরীর আরো খবর..