কুষ্টিয়ার খোকসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অস্থিতিশীলতা রোধে পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে খোকসা থানা পুলিশ তাকে নিজ এলাকা থেকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) সকাল ০৭:৩০ ঘটিকায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি)-মোল্লা জাকির হোসেনের এর প্রত্যক্ষ নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স খোকসা থানাধীন জয়ন্তীহাজরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে জয়ন্তীহাজরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং নিষিদ্ধ সংগঠনের নেতা মো: বদিয়ার রহমান (৬৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: বদিয়ার রহমান খোকসা উপজেলার জয়ন্তীহাজরা উথুলী এলাকার মৃত মহর আলী প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উথুলী পূর্বপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন। পুলিশের দাবি, তিনি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা করছিলেন।
খোকসা থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনানুগ আনুষ্ঠানিকতা শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ জানান, জনমনে স্বস্তি ফেরাতে এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী যেকোনো অপরাধীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।