রাজবাড়ীর পাংশায় ছয় বছরের এক শিশু কন্যাকে ফুসলিয়ে কলাবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে শওকত শেখ (১৫) নামে আইনের সহিত সংঘাতে জড়িত এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) রাত আনুমানিক ১:৩০ ঘটিকায় খোকসা থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে খোকসা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় ভিকটিম জান্নাতী (৬) নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এ সময় কুষ্টিয়া জেলার খোকসা থানার বসোয়া গ্রামের এরশাদ শেখের ছেলে শওকত শেখ (১৫) শিশুটিকে তার মায়ের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে পাংশা থানাধীন বসাকুষ্টিয়া সাকিনস্থ জনৈক ইসলামের মালিকানাধীন একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে সে।
উক্ত নির্মম ঘটনায় ভিকটিমের পিতা মোঃ হারুন মন্ডল (৩৫) বাদী হয়ে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংशोधনী ২০০৩)-এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৫, তারিখ: ০৭/০৮/২০২৬)।
মামলা রুজুর পরপরই পাংশা মডেল থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ নাসিরুজ্জামান খোকসা থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত কিশোর শওকত শেখকে গ্রেফতার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান,
”অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপর হয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আইনের সহিত সংঘাতে জড়িত উক্ত শিশুকে গ্রেফতার দেখিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”