কুষ্টিয়ার খোকসা উপজেলার ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকায় কোনো পাবলিক টয়লেট (গণশৌচাগার) না থাকায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার যাত্রী ও পথচারী। বিশেষ করে নারী যাত্রী, বয়োবৃদ্ধ এবং শিশুরা প্রতিনিয়ত বিব্রতকর ও কষ্টদায়ক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
প্রতিদিন এই বাসস্ট্যান্ড দিয়ে ঢাকা, কুষ্টিয়া, রাজবাড়ী, ঝিনাইদহসহ বিভিন্ন রুটে যাতায়াত করেন দূর-দূরান্তের শত শত মানুষ। দীর্ঘ পথভ্রমণের পর বাসস্ট্যান্ডে নেমে প্রাতঃকৃত্য সাড়ার মতো কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, খোকসা বাসস্ট্যান্ড এলাকার চারপাশ ঘিরে রেস্তোরাঁ ও বিভিন্ন দোকানপাট থাকলেও একটি দূরবর্তী কিংবা জরুরি প্রয়োজনের উপযুক্ত টয়লেট নেই। বাধ্য হয়ে অনেক পুরুষ পথচারী খোলা জায়গায় শৌচকার্য সারছেন, যা এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতাকে নষ্ট করছে। তবে সবচেয়ে বেশি বিপদে পড়ছেন নারী যাত্রীরা। বাধ্য হয়ে অনেককে আশপাশের দোকান বা বাসাবাড়ির শরণাপন্ন হতে হয়।
স্থানীয় যাত্রীরা জানান, “দীর্ঘ জার্নি শেষে বাস থেকে নেমে যদি টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়, তবে আর কষ্টের সীমা থাকে না। খোকসার মতো একটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডে কোনো পাবলিক টয়লেট নেই, এটা ভাবাই যায় না। অবিলম্বে এখানে একটি আধুনিক ও পরিচ্ছন্ন টয়লেট নির্মাণ করা দরকার।”
বাসস্ট্যান্ডের স্থানীয় ব্যবসায়ীরা জানান, পাবলিক টয়লেট না থাকায় বাসস্ট্যান্ড এলাকার সৌন্দর্য যেমন ব্যাহত হচ্ছে, তেমনি দুর্গন্ধে আশপাশের পরিবেশও নষ্ট হচ্ছে। অবিলম্বে একটি নির্দিষ্ট স্থানে নারী ও পুরুষদের জন্য পৃথক শৌচাগার নির্মাণের জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।