বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী একটি মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রংপুরের কাউনিয়া উপজেলার তালুক শাহাবাজ এলাকার শহিদুল ইসলামের মেয়ে তায়েবা (১২), তৈয়ব আলীর ছেলে মমিনুল ইসলাম রিন্টু (৩৮) এবং তার বোন শিউলি বেগম (৪০)। মমিনুল ইসলাম রিন্টু পেশায় বেসরকারি চাকরিজীবী এবং শিউলি বেগম গৃহিণী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রংপুরের কাউনিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি হাইস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৩০৪১) ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের মাঝখানের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন— ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (১), আরহাম (৭) ও হামিম (৩০)। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বখতিয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. রইছ উদ্দিন বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।