চট্টগ্রামের ফটিকছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার উত্তর ধুরুং ও ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—উত্তর ধুরুং ৮ নম্বর ওয়ার্ডের মৃত ফরিদ উদ্দিনের ছেলে মো. ফরহাদ হোসেন (৪২) এবং ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মো. ইউসুফের ছেলে মাহমুদুল হক (২৮)।
অভিযানকালে ইয়াবা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় ফরহাদ হোসেনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৬ হাজার টাকা অর্থদণ্ড এবং মাহমুদুল হককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
অভিযানে মোট ২টি মামলা, ৩০ দিনের কারাদণ্ড এবং ২৬ হাজার ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এই ক্যাটাগরীর আরো খবর..