এইচএসসি পরীক্ষার পরিবর্তিত সময়সূচি, প্রশ্নপত্রের ধরন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা আয়োজনের প্রতিবাদে কুষ্টিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত শিক্ষার্থী।১৫ জুলাই মঙ্গলবার দুপুর থেকে কুষ্টিয়া শহরের ব্যস্ততম মজমপুর মোড়ে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, টানা বৃষ্টি ও বন্যার কারণে দেশের অনেক অঞ্চলের যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত এবং শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের বাস্তব সমস্যার কথা বিবেচনা না করেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী। ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’ এবং ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’—এমন বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকাটি। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানান।
বিক্ষোভের কারণে মজমপুর মোড়সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়, যা জনদুর্ভোগ বাড়িয়ে তোলে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই শিক্ষার্থী-বান্ধব সিদ্ধান্ত নিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রচেষ্টা চলছে। দ্রুত দাবি না মানলে আন্দোলনের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
এই ক্যাটাগরীর আরো খবর..