জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিফাত উল্লাহ শিফাতের পরিবারের দাবি, গত শুক্রবার শিফাতের শিশু কন্যার সঙ্গে প্রতিবেশী সদাগর মিয়ার ছেলের ঝগড়া হয়। শিশুদের সেই বিরোধ পরে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই জের ধরে রোববার সন্ধ্যায় শিফাত ও সদাগর মিয়ার মধ্যে পুনরায় কথা কাটাকাটি শুরু হয়।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে সদাগর মিয়া, জিয়াউল হক, রহমত আলী, মুসলিম মিয়া, মিলন মিয়া ও রিয়াজুল হকের নেতৃত্বে একদল লোক শিফাতের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির চারটি ঘরে ভাঙচুর চালিয়ে আসবাবপত্র নষ্ট করে বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে শিফাত, তার মা মাজেদা বেগম ও শফিকুল ইসলামসহ অপর পক্ষের মিলন মিয়া—মোট পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শিফাতের অভিযোগ, হামলার সময় ঘর থেকে ৩ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ ও চালের বস্তা লুট করে নেওয়া হয়।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।