জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পেট্রোল পাম্প থেকে অবৈধভাবে অতিরিক্ত ডিজেল বহনের অভিযোগে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার উপজেলার একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। জানা যায়, তিনি একটি কন্টেইনারে করে আনুমানিক ১২০ লিটার ডিজেল বহন করছিলেন, যা বিদ্যমান আইন অনুযায়ী অবৈধ মজুদের আওতায় পড়ে।
ঘটনাটি প্রশাসনের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন। তিনি জানান, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কালোবাজারি প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এমন কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়দের ধারণা। সংশ্লিষ্টরা মনে করছেন, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।