নোয়াখালীর সোনাইমুড়ীতে ‘স্বপ্ন দেখি ফাউন্ডেশন’-এর উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০৫ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার পৌর এলাকার মেজবান কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম সিরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
জানা যায়, স্বপ্ন দেখি ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এ মোট ১,২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সুপার ট্যালেন্ট, ট্যালেন্ট ও জেনারেল ক্যাটাগরিতে ৩০৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয় এবং তাদের পুরস্কৃত করা হয়। এ সময় পরীক্ষা পরিচালনা পরিষদের সদস্যদের হাতেও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, পড়াশোনার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত এই সাফল্য ধরে রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানান তারা।
তারা আরও বলেন, সোনাইমুড়ী এলাকায় এমন বৃত্তি পরীক্ষার আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। সমাজ ও দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।
স্বপ্ন দেখি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আকরাম হোসেন বলেন, “আমরা শুধু স্বপ্ন দেখি না, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করি। একজন শিক্ষক ও শিক্ষার্থীকে সম্মানিত করে দেশকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি ফাউন্ডেশনের উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেন।