বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন , ই-পেপার

রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু

মোঃ শফিকুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
Oplus_16908288

রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু কোল থেকে ছিটকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল শিশু

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে বজ্রপাতে সুমন মন্ডল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে একই ঘটনায় তার কোলের শিশুকন্যা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে বাড়ির পাশের দোকানে যাওয়ার পথে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি পূর্বে একটি এনজিওতে কর্মরত থাকলেও বর্তমানে বাড়িতেই ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে মেয়েকে কোলে নিয়ে সওদা করতে বের হন সুমন। পথিমধ্যে হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী শিশু সাফিয়া ছিটকে কিছু দূরে গিয়ে পড়ে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সুমনকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, শিশুটি প্রাথমিকভাবে আহত হলেও আশঙ্কামুক্ত রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, কোল থেকে ছিটকে পড়ার সময় শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হয়েছিল। তবে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে সে সুস্থ আছে। বাবার মৃত্যুর মাঝেও শিশুটির এভাবে বেঁচে যাওয়াকে অনেকেই অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন।
মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
“সুমন মন্ডলের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
এদিকে, সকাল থেকেই মজ্জৎকোল গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। কর্মহীন সুমনের অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..