রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন , ই-পেপার

সুবর্ণচরে বেপরোয়া ড্রাম ট্রাক: নিহত ১, গুরুতর আহত ২

মো. ফোরকান উদ্দিন সুজন সুবর্ণচর উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

সুবর্ণচরে বালুবাহী ড্রাম ট্রাকের বেপরোয়া চলাচলে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন এবং আরও দুইজন গুরুতর আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণ সামগ্রী সড়কের পাশে রাখায় যান চলাচলে সংকট তৈরি হয়েছে। এতে করে দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। এছাড়া সড়কটির দুই পাশে একটি পুরোনো গণকবর থাকায় রাতের বেলা এলাকায় অন্ধকার ও ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়, যা দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, বারবার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সড়কটিতে অন্তত দুটি বাতি স্থাপনের দাবি জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে রাতে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত দুই মাসে এই এলাকায় অন্তত ৫টি দুর্ঘটনা ঘটেছে। আর গত এক বছরে প্রায় ২০টি দুর্ঘটনায় ৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজারের দক্ষিণে হাজী নজির আহমেদ মসজিদের পাশে, জজ শাহীন সিরাজের বাড়ির সামনে সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতির অবৈধ বালুবাহী ড্রাম ট্রাকটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই যাত্রীর মৃত্যু হয়।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব ড্রাম ট্রাক শুধু সড়ক নষ্টই করছে না, কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের প্রাণ। দ্রুত এসব অবৈধ যান চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
এদিকে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় সড়ক বিভাগের সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রশাসনের দায়িত্বহীনতাকে দায়ী করছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..