শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন , ই-পেপার

সোনাইমুড়ী উপজেলাবাসী পেতে পারে ২ মন্ত্রী

রবিউল হাসান, (সোনাইমুড়ী) নোয়াখালী:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২টি আসন থেকে বিএনপির ২জন হেভিওয়েট নেতা বিজয়লাভ করেন। সেই হিসেবে সোনাইমুড়ী উপজেলাবাসী পেতে পারে ২ মন্ত্রী। দলের নেতা-কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।

নোয়াখালী -১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক)  আসনের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। তারা দুইজনই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী। ফলাফল ঘোষণার পর পুরো উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে।

তাদের মধ্যে এ.এম. মাহবুব উদ্দিন খোকন  হচ্ছেন সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং নোয়াখালী -১ আসনের প্রাক্তন সংসদ সদস্য। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

অন্যদিকে বরকত উল্লাহ বুলু সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের মির্জানগর গ্রামের বাসিন্দা। তিনি একজন  জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং সাবেক জাতীয় সংসদ সদস্য। যিনি ৫ম, ৬ষ্ঠ, ৭ম এবং নবম সংসদে নোয়াখালী-২ এবং নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের প্রতিনিধিত্ব করেন। তিনি ২০০১ সালে বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

একই উপজেলার বাসিন্দা পৃথক দুটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হওয়ায় সোনাইমুড়ী উপজেলা জুড়ে আনন্দের বন্যা বইছে। বিএনপির ত্যাগী এ দুজনই মন্ত্রীসভায় স্থান পেতে পারেন বলে ধারনা করছে রাজনৈতিক সচেতন মহল।

এ এম মাহবুব উদ্দিন খোকন, আওয়ামী লীগ সরকারের সময় হামলা-মামলার শিকার হয়েছেন।তিনি নোয়াখালীসহ দেশের একজন আলোচিত নেতা। তারই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়ে করছেন বাজিমাত।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) আসনে বেসরকারি ফলাফলে ১৪২ কেন্দ্রে (পোস্টালসহ) ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৮শ ৩৩টি ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মোঃ ছাইফ উল্যাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩৬ টি ভোট।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু। ১৬৬টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. বোরহান উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট।

বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, বরকত উল্লাহ বুলু প্রবীণ রাজনীতিবিদ। তিনি পূর্বেও বাণিজ্যপ্রতিমন্ত্রী ছিলেন। তাকেও মন্ত্রিত্ব দিতে দলের হাই কমান্ডে গুঞ্জন শোনা যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..