বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন , ই-পেপার

নির্বাচনে বিজিবি মারণাস্ত্র ব্যবহার করবে না, মোতায়েন থাকবে ৩৭ হাজার সদস্য

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছেন বিজিবি ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার সকাল সাড়ে ১১টায় মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সের অস্থায়ী বেস ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, এবারের নির্বাচনে দেশব্যাপী ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
কর্নেল এস এম আবুল এহসান জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রেখেই বিজিবি সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালন করবে। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।
ঝুঁকি বিবেচনায় সারাদেশের ৩০০টি সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। উপজেলাভেদে ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (আরএটি), হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত থাকবে। প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে এসব ইউনিটের পাশাপাশি বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন থাকবে।
নির্বাচনকে কেন্দ্র করে কোনো শঙ্কা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কর্নেল আবুল এহসান বলেন, “নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের শঙ্কা দেখছি না। বিজিবির মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করব না।”

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..