মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর আওতায় মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করে একজন জেলেকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও প্রায় ১৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দৌলতপুর উপজেলার যমুনা নদী ও বিভিন্ন মাছঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধার নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনী, নৌ পুলিশ, কোস্ট গার্ড, আনসার সদস্যসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে আটক এক জেলেকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া মৎস্যসম্পদ ধ্বংসকারী ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং প্রায় ১৬ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
জব্দ করা ইলিশ মাছ আসমা বিনতে আবু বক্কর (রাঃ) ও খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অন্যদিকে, জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং জাতীয় মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
মা ইলিশ রক্ষা হোক সবার অঙ্গীকার। ইলিশের নিরাপদ প্রজনন ও মৎস্যসম্পদের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার এবং সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।