জামালপুর-১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় পৃথক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত গণমিছিলে নেতৃত্ব দেন দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাজমুল হক সাঈদী। মিছিলে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ ভোটার অংশগ্রহণ করেন।
অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিলে নেতৃত্ব দেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত এবং সাবেক আইজিপি ও বিএনপির সাবেক চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম। মিছিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিএনপির গণমিছিলটি বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খাতেমুন মইন মহিলা ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।