টাঙ্গাইলের মির্জাপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন থেকেই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
উপজেলার সকল পরীক্ষার হলে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপন করে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা ও নকল প্রতিরোধ নিশ্চিত করার চেষ্টা করছে প্রশাসন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, প্রশ্নফাঁস ও অসদোপায় রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ ভ্রাম্যমাণ টিম নিয়মিত তদারকি করছে। পরীক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
২১এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাধীন মির্জাপুর সদয় কৃষ্ণ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা চলাকালীন কেন্দ্র দু’টি পর্যবেক্ষণ করার পর দেখা যায়,পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা দিচ্ছে। কোথাও কোন অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে স্বল্প সংখ্যক আসনে পরীক্ষার্থীদের অনুপস্থিতি লক্ষ্য করে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদয় কৃষ্ণ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার বলেন,পরীক্ষার্থীরা যাতে করে নির্ভয় ও নির্বিগ্নে তাদের পরীক্ষা দিতে পারে এ ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। তাছাড়া প্রতিটি কক্ষে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এগুলো আমরা নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছি। যারা নিয়মিত লেখাপড়া করেছে তাদের জন্য পরীক্ষা সহজ হবে ও তারা ভালো ফলাফল করতে পারবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য,এবছর মির্জাপুর উপজেলায় ৩,৯,৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তাদের মধ্যে ছাত্র১৯০৭ জন এবং ছাত্রী ২০৬৬ জন।
উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব বলেন, এসএসসি পরীক্ষার্থীরা সুন্দর পরিবেশে নির্বিঘ্নে তাদের পরীক্ষা দিচ্ছে, এবারের ফলাফল ভালো হবে বলে আশা করা যায়।