রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন মো. শফিকুল ইসলাম। পুলিশ প্রশাসনের নিয়মিত বদলির অংশ হিসেবে সম্প্রতি তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাজবাড়ী জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে তিনি রাজবাড়ী সদর পুলিশ কোর্টে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এদিকে, গোয়ালন্দ ঘাট থানার বর্তমান ওসি মমিনুল ইসলামকে রাজবাড়ী সদর পুলিশ কোর্টে বদলি করা হয়েছে। পাশাপাশি জেলার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত এ ধরনের বদলি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।
নবনিযুক্ত ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে আমি দায়িত্ব পালন করব। এ জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।”