রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দুই দিনব্যাপী (৭ ও ৮ এপ্রিল) আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বিজ্ঞান মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে ওঠা ও উদ্ভাবনী কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই।
বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও গবেষণাধর্মী প্রদর্শনী উপস্থাপন করে, যা উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।