পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের সৎ শাশুড়ি ও ননদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক পুত্রবধূ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টায় রাঙ্গাবালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মোসা. নাসরিন। তিনি জানান, ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে এলে তাঁর সৎ শাশুড়ি অশ্রু বেগম ও ননদ রুনিয়া বেগম বাড়ির প্রধান ফটকে তালা ঝুলিয়ে তাঁদের প্রবেশে বাধা দেন। ফলে বাধ্য হয়ে প্রতিবেশীর বাড়িতে ঈদ উদযাপন করতে হয়।
নাসরিন অভিযোগ করেন, শ্বশুর আব্দুল কাদের প্যাদা ও শাশুড়ির মৃত্যুর পর তাঁর স্বামীকে সম্পত্তির ন্যায্য অংশ থেকে বঞ্চিত করতেই সৎ শাশুড়ি এমন আচরণ করছেন। এছাড়া ননদের স্বামীর দ্বারাও তাঁরা লাঞ্ছনার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, গত ২৫ মার্চ একটি কাল্পনিক ঘটনা সাজিয়ে পাঁচজনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে রাঙ্গাবালী থানায় সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও সৎ শাশুড়ি সেখানে উপস্থিত হননি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মামলার বাদী অশ্রু বেগম কোনো মন্তব্য না করে এড়িয়ে যান।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পারস্পরিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী ঘরের তালা খুলে দেওয়া হয়েছে।